জামিনে কারামুক্ত হলেন বিদিশা সিদ্দিক

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৬:১৩ পিএম

জামিনে কারামুক্ত হলেন বিদিশা সিদ্দিক

ছবি: সংগৃহীত

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বেরিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। সেগুলো যাচাই-বাছাই শেষে বিকাল সোয়া ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

গত রবিবার বিদিশার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।

এর আগে গত ২০ মে ওই মামলায় বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।

পরে ওই রায়ের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন বিদিশা এবং জামিনের আবেদন করেন। শুনানি শেষে ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির তার জামিন আবেদন নাকচ করেন।

এরপর জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন বিদিশা। সেই আবেদনের শুনানি শেষে গত রবিবার তাকে জামিন দেওয়া হয়। হাইকোর্টের আদেশের ভিত্তিতেই মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পান তিনি।

Link copied!