সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৫:৪৭ পিএম
মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ছবি: সংগৃহীত।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো হলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
তিনি বলেন, দেশের বাইরে অবস্থানরত যেসব ব্যক্তি বিভিন্ন মামলায় অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত, তাদের ক্ষেত্রেও আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‘মক্কা প্যাক্ট’-এ বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিরক্ষামূলক এই সাময়িক জোটে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
ভবিষ্যতে নতুন কোনো ফোরাম বা জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় দেশের জনগণের স্বার্থ এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতির বিষয় বিবেচনায় নেওয়া হবে।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।