কে হচ্ছেন নতুন জেমস বন্ড?

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৬:০৪ পিএম

কে হচ্ছেন নতুন জেমস বন্ড?

ছবি: সংগৃহীত

ড্যানিয়েল ক্রেগের পর কে হচ্ছেন নতুন জেমস বন্ড ছয় বছর ধরে চলা সেই জল্পনার অবসান এবার হতে পারে। নতুন বন্ড নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি।

গত কয়েক মাসে আলোচনায় থাকা সম্ভাব্য অভিনেতাদের তালিকায় ছিলেন হেনরি ক্যাভিল, হ্যারিস ডিকিনসন, জ্যাকব এলর্ডি, জ্যাক লোডেন, জেমস নর্টন ও জ্যাক ও’কনেল। এর বাইরে ক্যালাম টার্নার ও অ্যারন টেলর-জনসনের নামও আলোচনায় ছিল।

তবে সাম্প্রতিক সময়ে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে মঞ্চ অভিনেতা টম ফ্রান্সিস ও ‘গ্ল্যাডিয়েটর টু’ তারকা পল মেসকাল। বিভিন্ন প্রতিবেদনে তাদের নাম উঠে এসেছে বলে জানিয়েছে বিবিসি।

বর্তমানে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ অ্যামাজন এমজিএম স্টুডিওসের হাতে। গত মে মাসে প্রতিষ্ঠানটি নতুন বন্ড নির্বাচনের প্রক্রিয়া শুরুর কথা নিশ্চিত করেছিল। এরপর অবশ্য এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিনোদন সাংবাদিক ড্যানিয়েল রিচম্যানের দাবি, বন্ড নির্বাচনের প্রক্রিয়া এখন শেষ ধাপে রয়েছে। তবে সাংবাদিক জেফ স্নাইডার বলছেন, শেষ পর্যন্ত নির্বাচিত অভিনেতা বর্তমানে আলোচনায় থাকা নামগুলোর বাইরের কেউও হতে পারেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবারও আগের মতো অডিশনের মাধ্যমে অভিনেতা বাছাই করা হতে পারে। অতীতে ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ সিনেমার একটি দৃশ্য অডিশনে ব্যবহার করা হয়েছিল। এর মাধ্যমে অভিনেতার পর্দায় উপস্থিতি, ব্যক্তিত্ব ও আকর্ষণীয় অভিনয়ক্ষমতা যাচাই করা হয়।

নতুন বন্ডের নাম ঘোষণার ধরনেও এবার চমক থাকতে পারে। ধারণা করা হচ্ছে, আগের মতো সিনেমা বা সংবাদ সম্মেলনে নয়, অ্যামাজনের স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে নতুন বন্ডের নাম ঘোষণা করা হতে পারে। এ কারণে আগামী ৫ অক্টোবর ‘গ্লোবাল জেমস বন্ড ডে’ কে সম্ভাব্য ঘোষণার দিন হিসেবে দেখছেন অনেক ভক্ত।

এদিকে নতুন বন্ড সিনেমার গল্প নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ‘পিকি ব্লাইন্ডার্স’-খ্যাত স্টিভেন নাইট চিত্রনাট্য লিখছেন। আর সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’খ্যাত নির্মাতা ডেনিস ভিলনুভ।

সবকিছু ঠিক থাকলে নতুন বন্ড সিনেমাটি ২০২৮ সালে মুক্তি পেতে পারে। সে ক্ষেত্রে সিরিজের দুটি সিনেমার মধ্যকার সবচেয়ে দীর্ঘ বিরতি তৈরি হবে।

নতুন সিনেমায় বন্ডকে তার এমআই৬ ক্যারিয়ারের শুরুর দিকের সময় থেকে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে ড্যানিয়েল ক্রেগ অভিনীত ‘নো টাইম টু ডাই’ এর গল্পের সরাসরি ধারাবাহিকতা অনুসরণ করতে হবে না। এতে নতুন অভিনেতাকে নিয়ে জেমস বন্ড চরিত্রটিকে একেবারে নতুনভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হবে।

Link copied!