বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলবে না

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ০২:৫৭ পিএম

বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলবে না

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন ছাড়া মহাসড়কে কোনো স্লিপার বাস চলতে পারবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। সংস্থাটির অনুমোদন ও রুট পারমিট পাওয়া বাসগুলোকেই সড়কে চলাচলের সুযোগ দেওয়া হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনের শুনানিতে বিআরটিএর পক্ষে আইনজীবী মো. রাফিউল ইসলাম সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন বিধান আদালতের সামনে তুলে ধরেন।

তিনি জানান, আইনের ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে। এসব বৈশিষ্ট্য না মানলে ৮৪ ধারায় তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

এ ছাড়া সড়ক পরিবহন আইনের ২৮ ধারার কথা উল্লেখ করে তিনি বলেন, রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারে না।

শুনানি শেষে আদালতের আদেশের বিষয়ে আইনজীবী মো. রাফিউল ইসলাম সাংবাদিকদের বলেন, বিআরটিএ যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, শুধু সেগুলোই সড়কে চলতে পারবে। স্লিপার বাস চলাচলের জন্য কোনো অনুমোদন দেওয়া হয়নি এবং হাইকোর্টও এ ধরনের বাস চলাচলের অনুমতি দেয়নি।

ফলে বিআরটিএর অনুমোদন ও রুট পারমিট ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচলের সুযোগ থাকছে না। এসব বাসকে সড়ক পরিবহন আইন এবং নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য মেনেই চলতে হবে।

মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে চলতি বছরের ২৩ জানুয়ারি হাইকোর্টে রিট করেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। সড়ক নিরাপত্তার স্বার্থে অননুমোদিত স্লিপার বাস চলাচল বন্ধে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল ওই রিটে।

Link copied!