খুলনায় দুটি ট্রাক থেকে সিগারেট তৈরির মেশিন ও ১,২৭৫ কেজি তামাক জব্দ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:০৭ পিএম

খুলনায় দুটি ট্রাক থেকে সিগারেট তৈরির মেশিন ও ১,২৭৫ কেজি তামাক জব্দ

ছবি: সংগৃহীত

খুলনায় দুটি ট্রাক থেকে সিগারেট তৈরির মেশিন, বিভিন্ন সরঞ্জাম ও ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাকসহ বিপুল পরিমাণ উৎপাদনসামগ্রী জব্দ করেছে ভ্যাট বিভাগ, বাগেরহাট।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ট্রাক দুটি আটক করা হয়। ট্রাক দুটির নম্বর বগুড়া-ট-১১-০৭১৪ ও ঢাকা মেট্রো-ট-১৬-২৬৪০।

পরে ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে সিগারেট তৈরির মেশিন, কাটিং তামাক, ফিল্টার পেপার, ফয়েল পেপার, সিগারেট পেপার, গাম, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে দুই পার্টের একটি মেকিং মেশিন সেট, দুই পার্টের একটি প্যাকিং মেশিন সেট, ৫০টি প্লাস্টিক ক্যারেট, একটি জেনারেটর, ৫১ বস্তা কাটিং তামাক, ৭৬ রোল সিগারেট পেপার, পাঁচ কার্টন ফিল্টার পেপার, তিন ড্রাম গাম/আটা, ৫৪ রোল ফয়েল পেপার, ছয় বক্স প্যাকেট তৈরির কাগজ, একটি হাওয়ার ট্যাংক ও ১০০ পিস স্কচটেপ।

এনবিআর বলছে, প্রাথমিকভাবে জব্দ করা সামগ্রীর নমুনা পর্যালোচনায় দেখা গেছে, এগুলো দিয়ে সিগারেট উৎপাদনের প্রায় পূর্ণাঙ্গ একটি কারখানা স্থাপন করা সম্ভব।

আটক দুই ট্রাক ও জব্দ মালামাল যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে বিধি অনুযায়ী জব্দ করা মালামাল সদর দপ্তরের কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রমও চলছে।

Link copied!