সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:২০ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার বিভিন্ন এলাকায় আগামীকাল বৃহস্পতিবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের অংশ হিসেবে পাইপলাইন স্থানান্তর ও টাই-ইন কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং বিতরণ লাইন স্থানান্তরের পর টাই-ইন কাজ করা হবে। এ কারণে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ ও তালতলা মার্কেটসহ আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
তিতাস জানিয়েছে, নির্ধারিত এলাকার পাশাপাশি আশপাশের কিছু এলাকাতেও এ সময়ে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।