টাঙ্গাইলে বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:২৫ পিএম

টাঙ্গাইলে বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামে সাময়িক বরখাস্ত এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হানিফ খান উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই রাতেই নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর করিব বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Link copied!