সেপ্টেম্বর ৯, ২০২৬, ০২:৫৩ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
আজ (বুধবার) সকালে হাটহাজারী ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন।
আহত কর্মকর্তার দুই পা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।