সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৪:০৩ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার মেট্রোরেলের চলন্ত ট্রেন ও স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) আইনি নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জনস্বার্থে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ নোটিশ পাঠান বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিইউএলএ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. রাশিদুল ইসলাম (রাশেদ)।
নোটিশে মেট্রোরেল এলাকায় মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের জন্য দেশের তিন প্রধান অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবি আজিয়াটা (এয়ারটেল) কে প্রয়োজনীয় অনুমতি ও অবকাঠামোগত সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, প্রতিদিন প্রায় চার লাখ মানুষ মেট্রোরেলে যাতায়াত করেন। অথচ চলন্ত ট্রেন ও স্টেশনের বিভিন্ন অংশে মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা একেবারেই না থাকায় যাত্রীরা জরুরি প্রয়োজনে ফোন করতে পারেন না। অনেক সময় কথা বলার মাঝেও কল বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ছেন বিপুলসংখ্যক যাত্রী।
আইনি নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে নেটওয়ার্ক ও কলসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এ বিষয়ে নোটিশদাতাকে লিখিতভাবে অবহিত করতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।