হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল, নতুন করে আক্রান্ত ১১৮৮

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৪:১৫ পিএম

হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল, নতুন করে আক্রান্ত ১১৮৮

ছবি/ দ্য রিপোর্ট ডট লাইভ।

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৮ শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুকে নিয়ে গত ১৫ মার্চ থেকে এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত প্রাণ গেছে ১ হাজার ২ শিশুর।

গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৬৯ শিশু। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ১ হাজার ১১৯ জন। এ সময়ে ১ হাজার ৩৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৬৯ শিশু।

হামে আক্রান্ত ৭ মাস বয়সী এক শিশু বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন। ছবি/ দ্য রিপোর্ট ডট লাইভ।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গসহ সন্দেহজনক রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫৮০। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯০৪ জনের।

এ সময় পর্যন্ত মোট ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

Link copied!