ছবি: এপি
বিশ্বজুড়ে জনপ্রিয় ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ গানের শিল্পী, ওয়েলশ পপ তারকা বনি টাইলার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আকস্মিকভাবে মারা যান। অসুস্থতার কারণে সেখানে তার চিকিৎসা চলছিল। এর আগে মে মাসে পর্তুগালের ফারো শহরে তার জরুরি অন্ত্রের অস্ত্রোপচার করা হয়েছিল।
বনি টাইলার ১৯৮৩ সালে প্রকাশিত ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ গান দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। গানটি চার সপ্তাহ ধরে সংগীত তালিকার শীর্ষে ছিল এবং এখন পর্যন্ত এটি বিলিয়নের বেশি বার শোনা হয়েছে।
২০১৭ ও ২০২৪ সালের সূর্যগ্রহণের সময় গানটি নতুন করে ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রজন্মের পর প্রজন্ম শ্রোতাদের কাছে গানটির আবেদন ধরে রেখেছে।
সংগীতজীবনে বনি টাইলার তিনবার গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন। ২০১৩ সালে তিনি ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় যুক্তরাজ্যের হয়ে অংশ নেন। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে তিনি ব্রিটিশ রাজপরিবারের কাছ থেকে এমবিই সম্মাননা লাভ করেন।
বনি টাইলারের জন্মনাম ছিল গেইনর হপকিন্স। ওয়েলসের স্কিউয়েনে একটি সাধারণ পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি দ্য বিটলস, জেনিস জপলিন, নিনা সিমোন, টিনা টার্নারসহ অনেক কিংবদন্তি শিল্পীর গান থেকে অনুপ্রাণিত হন।
১৯৭৬ সালে গলার সমস্যার কারণে অস্ত্রোপচার করানোর পর তার কণ্ঠে একটি বিশেষ গভীর ও কর্কশ স্বর তৈরি হয়, যা পরে তার সংগীত পরিচয়ের অন্যতম বৈশিষ্ট্য হয়ে ওঠে।
১৯৭৭ সালে তার প্রথম অ্যালবাম ‘দ্য ওয়ার্ল্ড স্টার্টস টুনাইট’ প্রকাশিত হয়। এরপর ‘লস্ট ইন ফ্রান্স’ ও ‘ইটস আ হার্টএইক’ গান তাকে জনপ্রিয়তা এনে দেয়। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ দিয়ে।
গানটির আবেগপূর্ণ পরিবেশনা, শক্তিশালী সুর এবং নাটকীয় ভিডিও একে সংগীত ইতিহাসের অন্যতম স্মরণীয় গানে পরিণত করেছে।
পরবর্তী সময়ে বনি টাইলার ‘হোল্ডিং আউট ফর আ হিরো’সহ আরও বেশ কিছু জনপ্রিয় গান উপহার দেন। ২০১৯ সালে প্রকাশিত তার অ্যালবাম ‘বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য স্টারস’-এ তিনি রড স্টুয়ার্ট, ক্লিফ রিচার্ডসহ বেশ কয়েকজন খ্যাতিমান শিল্পীর সঙ্গে কাজ করেন।
২০১৭ সালে একটি বিশেষ সূর্যগ্রহণ অনুষ্ঠানে তিনি আবারও ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ গানটি পরিবেশন করেন, যা তার ক্যারিয়ারের সবচেয়ে পরিচিত গান হিসেবে আজও বিশ্বজুড়ে সমাদৃত।
ব্যক্তিগত জীবনে বনি টাইলার বিয়ে করেছিলেন ব্যবসায়ী ও সাবেক অলিম্পিক জুডো খেলোয়াড় রবার্ট সুলিভানকে।
তথ্যসূত্র: এপি