রোনালদোকে খুব ভালো লাগে, কিন্তু মুশকিল হচ্ছে মেসিকেও ভালো লাগে: জয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০৩:৪৯ পিএম

রোনালদোকে খুব ভালো লাগে, কিন্তু মুশকিল হচ্ছে মেসিকেও ভালো লাগে: জয়া

ছবি: সংগৃহীত

টলিউডের প্রশংসিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তিকে সামনে রেখে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সিনেমাটির প্রচারণায় অংশ নেওয়ার পাশাপাশি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, ফুটবল বিশ্বকাপ এবং টলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন-কে দেওয়া সাক্ষাৎকারে ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে জয়া বলেন, দর্শক যদি সিনেমাটি ভালোভাবে গ্রহণ করেন, সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি।

তার ভাষায়, “ছবিটি যদি দর্শকের ভালোবাসা পায়, তাহলে খুব ভালো লাগবে। তবে ম্যাজিক তো বানিয়ে করা যায় না, ম্যাজিক নিজে থেকেই তৈরি হয়। সেটি হয়েছে কি না, তা জানার অপেক্ষায় আমিও আছি।”

আগামী ১ জুলাই জয়ার জন্মদিন। বিশেষ দিনটি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, জন্মদিনকে ঘিরে বড় আয়োজন করতে তিনি পছন্দ করেন না।

জয়া বলেন, “বন্ধু, স্বজন আর ভক্তরা মনে রাখেন, ভালোবাসেন এটাই সবচেয়ে বড় বিষয়। ছোটবেলার জন্মদিনের স্মৃতি এখনও মনে পড়ে। এখন অবশ্য এসব নিয়ে একটু লজ্জাও লাগে।”

সাক্ষাৎকারে উঠে আসে ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গও। কোন দলের সমর্থক এমন প্রশ্নের জবাবে জয়া জানান, তিনি পর্তুগালের সমর্থক হলেও আর্জেন্টিনা ও ব্রাজিলের জনপ্রিয়তা এড়িয়ে যাওয়া কঠিন।

তিনি বলেন, “পর্তুগালকে খুব ভালোবাসি। রোনালদোকে খুব ভালো লাগে। কিন্তু মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে।”

টলিউডে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া বলেন, বাংলাদেশি পাসপোর্ট বহন করলেও কখনোই নিজেকে কলকাতার চলচ্চিত্র অঙ্গনের বাইরের কেউ বলে মনে হয়নি।

তার ভাষায়, “আমি বাংলা ছবির জন্য কাজ করি। এত বছর ধরে এখানে কাজ করছি, কখনো মনে হয়নি আমি এই ইন্ডাস্ট্রির বাইরের মানুষ। প্রযোজনা প্রতিষ্ঠান, পরিচালক এবং দর্শক সবাই একই রকম ভালোবাসা দিয়েছেন।”

তিনি আরও বলেন, “বাংলা চলচ্চিত্রের দর্শকদের জন্যই কাজ করি। আমার কাজের মাধ্যমে যদি এই ইন্ডাস্ট্রিতে সামান্যও অবদান রাখতে পারি, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ।”

উল্লেখ্য, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত ‘অর্ধাঙ্গিনী’ ২০২৩ সালে মুক্তি পেয়ে প্রশংসা কুড়িয়েছিল। ছবিতে জয়া আহসানের ‘মেঘনা’ চরিত্রটি বিশেষভাবে আলোচিত হয়। সেই ধারাবাহিকতায় ‘আজও অর্ধাঙ্গিনী’ আগামী ৩ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Link copied!