ফিফা বিশ্বকাপ ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিলকে পেল নরওয়ে

স্পোর্টস ডেস্ক

জুলাই ১, ২০২৬, ১২:০৭ পিএম

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিলকে পেল নরওয়ে

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। তবে শেষ ষোলোতে তাদের সামনে অপেক্ষা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কঠিন চ্যালেঞ্জ।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আইভরি কোস্ট। প্রথম ৩০ মিনিটে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আফ্রিকার প্রতিনিধিরাই। বেশ কয়েকটি সম্ভাবনাময় সুযোগও তৈরি করেছিল তারা, কিন্তু সেগুলো কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত তার মূল্য দিতে হয়।

প্রথমার্ধ শেষ হওয়ার ছয় মিনিট আগে নরওয়েকে এগিয়ে দেন আন্তোনিও নুসা। পেপেকে কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের দারুণ বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালের ওপরের কোণে। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না সেই দুর্দান্ত ফিনিশ ঠেকানোর।

বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পান আর্লিং হালান্ড ও আলেকজান্ডার সোরলথ। তবে কেউই সুযোগ কাজে লাগাতে না পারায় ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় নরওয়ে।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের গতিপথ বদলে দেন আমাদু দিয়ালো। প্রথমে গোললাইন থেকে বল ক্লিয়ার করে নরওয়ের নিশ্চিত দ্বিতীয় গোল ঠেকান তিনি। এরপর আক্রমণে উঠে নিজের দুর্দান্ত নৈপুণ্যে সমতাও ফেরান। পেপের সঙ্গে ওয়ান-টু খেলে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর থেকে শান্ত মাথায় জালে বল পাঠিয়ে স্কোরলাইন ১-১ করেন দিয়ালো।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই নিজের উপস্থিতি জানান দেন আর্লিং হালান্ড। নির্ধারিত সময় শেষ হতে মাত্র চার মিনিট বাকি থাকতে অস্কার ববের বাড়ানো বল ধরে বার্গ ডান দিক থেকে নিচু ক্রস দেন। হালান্ডের শট পুরোপুরি নিখুঁত না হলেও বল ধীরে ধীরে গোললাইন অতিক্রম করে জালে জড়িয়ে যায়। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নরওয়ে এবং নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।

অন্যদিকে, প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে ওঠার স্মরণীয় অর্জন নিয়েই বিশ্বকাপ মিশন শেষ করল আফ্রিকার দল আইভরি কোস্ট।

Link copied!