ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’-এর শুভেচ্ছাদূত সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
আজ (বৃহস্পতিবার) উখিয়ার কুতুপালংস্থ ক্যাম্প ১ ইস্টে তিনি পরিদর্শন করেন। সেখানে কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা তরুণ-তরুণীদের সঙ্গে গ্রুপ আলোচনায় অংশ নেন তিনি।
রোহিঙ্গা স্বেচ্ছাসেবক মনজুর আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘২৫ জুন সকাল ১১টার দিকে ক্যাম্প ১ ইস্ট—এ ইউএনএইচসিআর এর গুডউইল অ্যাম্বাসেডর, জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে স্বাগত জানানোর সুযোগ হয়েছে।’
তিনি আরও লেখেন, সফরের সময় একটি ফোকাস গ্রুপ আলোচনার আয়োজন করা হয়, যেখানে রোহিঙ্গা সম্প্রদায়ের কল্যাণ ও ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও পরামর্শ তুলে ধরেন, যা অর্থবহ ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন এবং সম্প্রদায়ের মানুষের কথা শোনা ও গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার জন্য গুডউইল অ্যাম্বাসেডরের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
এ ধরনের সফর আশা জাগায়, পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করে এবং মর্যাদা ও সহমর্মিতার সঙ্গে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর গুরুত্বকে পুনর্ব্যক্ত করে বলেও উল্লেখ করা হয়।
দিনব্যাপী এই সফরে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং আরও মতবিনিময়ের কথা রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে ১২ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে আশ্রয় নিয়েছে। তাদের মানবিক সহায়তায় বিভিন্ন জাতিসংঘ সংস্থা কাজ করছে।
২০১৯ সাল থেকে রোহিঙ্গা ইস্যুতে জনসচেতনতা তৈরির কার্যক্রমে যুক্ত হন তাহসান খান। পরে ২০২১ সালে তাকে ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।