জুন ৩০, ২০২৬, ০১:৩৮ পিএম
ছবি: এপি
বিশ্বকাপের আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩–২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ম্যাচটি ১–১ সমতায় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে।
শুটআউটের শুরুটা ভালো করে নেদারল্যান্ডস। টেউন কুপমাইনার্স প্রথম শট থেকে গোল করেন। তবে মরক্কোর প্রথম শটে নিল আল আইনাউই ক্রসবারে বল মারলে চাপ তৈরি হয় দলটির ওপর।
এরপর জাস্টিন ক্লাইভার্টের শট পোস্টে লেগে ফিরে আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে সুফিয়ান রাহিমি গোল করে সমতা ফেরান। যদিও নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন বল ছুঁয়ে ফেলেছিলেন, তবু সেটি জালে ঢুকে যায়।
পরের শটে ভাউট ভেগহর্স্ট গোল করলেও মরক্কোর তালবি সফলভাবে বল জালে জড়ান। এরপর ডাচদের হয়ে জুরিয়েন টিম্বারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি চতুর্থ শটে পোস্টে বল মারলে ম্যাচ আবারও দুলতে থাকে।
এরপর নেদারল্যান্ডসের সামনে সুযোগ তৈরি হলেও ক্রাইভেন সামারভিলের শট দারুণভাবে রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। শেষ পর্যন্ত জয়ের জন্য এগিয়ে আসেন ইসমাইল সাইবারি। কোনো ভুল না করে বল জালে পাঠিয়ে মরক্কোকে ৩–২ ব্যবধানে টাইব্রেকারের জয় এনে দেন তিনি।
এর আগে ম্যাচের ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তবে যোগ করা সময়ের শেষ মুহূর্তে ইসা দিয়োপের গোলে সমতা ফেরায় মরক্কো। অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে স্নায়ুর লড়াই শেষে জয় তুলে নেয় আফ্রিকান দলটি।