ছবি: সংগৃহীত
রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। গভীর রাতে আগুন লাগার পর ধোঁয়ায় ভবনটির ওপরের তলাগুলো ছেয়ে যায়, পরে ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ১৪ তলা বিশিষ্ট আল-বারাকা টাওয়ারের ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শিহাব সরকার জানান, খবর পেয়ে ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপণ করতে ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত সময় লাগে।
আগুন নিয়ন্ত্রণের পর ভবনের ভেতর থেকে দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন কিশোরগঞ্জের বাবুল মিয়ার ছেলে মো. জনি (২৪) এবং বগুড়ার কাহালু উপজেলার সেলিম সরকারের ছেলে আব্দুস সালাম (২০)। জনি ব্যারিস্টার মোয়াজ্জেমের সহকারী হিসেবে এবং সালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমানের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতালে দগ্ধদের নিয়ে যাওয়া মো. নাজমুল সরোয়ার জানান, আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই ভবনের ওপরের তলাগুলো ঘন ধোঁয়ায় ভরে যায়, ফলে ভেতরে থাকা লোকজন চরম বিপাকে পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।