জুন ২৭, ২০২৬, ১২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের অভিষেক আসরেই রূপকথা লিখে চলেছে কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি।
শুক্রবার হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে কোনো দলই গোলের দেখা না পেলেও কেপ ভার্দের জন্য এক পয়েন্টই ছিল যথেষ্ট। একই সময়ে স্পেন উরুগুয়েকে ১-০ গোলে হারানোয় গ্রুপ ‘এইচ’-এ রানার্সআপ হয় কেপ ভার্দে। ফলে শেষ ষোলোতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।
মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়েছিল। এবার নকআউট নিশ্চিত করে সেই ইতিহাসে যোগ করেছে নতুন অধ্যায়। ম্যাচ শেষে খেলোয়াড় ও সমর্থকদের আবেগঘন উদযাপনে সেই অর্জনেরই প্রতিফলন দেখা যায়।
গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই ড্র করে তিন পয়েন্ট সংগ্রহ করে কেপ ভার্দে। প্রথম ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ২-২ সমতা নিয়ে চমক দেখায় তারা। শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও হার এড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করে দলটি।
ম্যাচে সৌদি আরব শুরু থেকেই জয়ের জন্য মরিয়া থাকলেও কেপ ভার্দের সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি। প্রথমার্ধে দুই দলই কয়েকটি আক্রমণ গড়লেও স্পষ্ট গোলের সুযোগ খুব কমই তৈরি হয়।
বিরতির পর কেপ ভার্দে আক্রমণে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। জামিরো মন্টেইরো ও কেভিন পিনার দুটি প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে শেষ দিকে গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়েসিসের দুর্দান্ত সেভে গোলবঞ্চিত হয় কেপ ভার্দে।
জয়ের জন্য মরিয়া সৌদি আরব শেষ মুহূর্ত পর্যন্ত চাপ সৃষ্টি করলেও কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে কেপ ভার্দে। দুই পয়েন্ট করে নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে উরুগুয়ে ও সৌদি আরব।
এখন আগামী ৩ জুলাই মিয়ামিতে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষায় নামবে কেপ ভার্দে।