ইরানের কাছে পয়েন্ট খুইয়ে চাপে বেলজিয়াম

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২২, ২০২৬, ০২:১০ পিএম

ইরানের কাছে পয়েন্ট খুইয়ে চাপে বেলজিয়াম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় ম্যাচেও জয়হীন থাকল বেলজিয়াম। ইরানের বিপক্ষে গোলশূন্য ড্র করে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়েছে ইউরোপের দলটি। ফলে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে এখন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে রেড ডেভিলসরা।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গ্রুপ ‘জি’-এর ম্যাচে কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকুদের নিয়ে গড়া শক্তিশালী বেলজিয়াম আক্রমণে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি। বরং পুরো ম্যাচজুড়ে সংগঠিত ও আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে ইরান।

প্রথমার্ধে ইরানই ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত তৈরি করে। মেহদি তারেমি দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে বল জালে পাঠালেও ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

বেলজিয়াম বলের দখল বেশি রাখলেও ইরানের রক্ষণভাগ ভাঙতে পারেনি। প্রথমার্ধে লুকাকুর একটি হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়, যা ছিল তাদের উল্লেখযোগ্য সুযোগগুলোর একটি।

বিরতির পর ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। ইরান একাধিক পাল্টা আক্রমণে বেলজিয়ামের রক্ষণে চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে তারেমির বিপজ্জনক শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

ম্যাচের শেষ দিকে বেলজিয়ামের জন্য বড় ধাক্কা আসে। ডিফেন্ডার ন্যাথান এনগয় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। এরপর বাকি সময় সতর্ক ফুটবল খেলেই এক পয়েন্ট নিশ্চিত করে বেলজিয়াম।

এই ড্রয়ের ফলে গ্রুপ ‘জি’-তে দুই ম্যাচ শেষে বেলজিয়ামের সংগ্রহ দুই পয়েন্ট। অন্যদিকে ইরানও সমান দুই পয়েন্ট নিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে।

আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বেলজিয়াম। একই দিনে মিশরের বিপক্ষে মাঠে নামবে ইরান। শেষ ষোলোতে ওঠার ভাগ্য নির্ধারণ হবে এই দুই ম্যাচের ফলাফলের ওপর।

বিশ্বকাপ শুরুর আগে নানা ভ্রমণ ও ভিসা-সংক্রান্ত জটিলতার মুখোমুখি হলেও ইরান মাঠের খেলায় নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছে। শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে টানা দুই ম্যাচে পয়েন্ট আদায় করে দলটি এখনো পরের রাউন্ডের দৌড়ে টিকে রয়েছে।

Link copied!