দেশে গত ২৪ ঘণ্টায় (১৭ জুন সকাল ৮টা থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন।
আজ (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুইজন সিলেট বিভাগে এবং একজন করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে মারা গেছে।
এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৭৩ জন শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৩১ জন, চট্টগ্রামে ১৭৫ জন এবং বরিশালে ১৩৫ জন রোগী ভর্তি হয়েছে।
একই সময়ে ৮১৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর গত ৯৫ দিনে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৯ হাজার ৯০৪ জনের মধ্যে। হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ হাজার ১৮৪ জন এবং মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৩ জনে। এ সময়ে ৭০ হাজার ৫০৩ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে।