দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?

অর্থ-বাণিজ্য ডেস্ক

আগস্ট ৫, ২০২৬, ০৫:১৮ পিএম

দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। এর ধারাবাহিকতায় গত ৩১ জুলাই স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই সিদ্ধান্ত অনুযায়ী, আজ (বুধবার) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। গত শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত একই দাম বহাল থাকবে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কারের ডিজাইনভেদে মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে, গত ২৮ জুলাই স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৯৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৯ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

Link copied!