আগস্ট ৬, ২০২৬, ১২:৪৬ পিএম
সবার জন্য উন্মুক্ত করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বৃহস্পতিবার প্রথম দিন দর্শনার্থীদের জন্য প্রবেশের সময় বেলা ১১টা থেকে নির্ধারণ করা হলেও সকাল ৯টা থেকেই অনেককে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।
দর্শনার্থীদের সুবিধার্থে জাদুঘরে প্রবেশের সময়কে কয়েকটি স্লটে ভাগ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী জাদুঘরের মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন বুকিং ব্যবস্থার পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। আজ প্রথম দিনের ৯০০টি টিকিট গতকালই বিক্রি হয়েছে।
মূল ভবন পরিদর্শনের জন্য প্রতিদিন তিনটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্লটে সর্বোচ্চ ৩০০ জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। মর্নিং স্লটে বেলা ১১টা থেকে দুপুর ১টা, মিড ডে স্লটে দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং ইভিনিং স্লটে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘর ঘুরে দেখা যাবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিটের গায়ে উল্লিখিত সময়ের মধ্যেই কেবল মূল ভবনে প্রবেশ করা যাবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। পরবর্তীতে ওই সরকারের উদ্যোগে জুলাইয়ের বিভিন্ন স্মৃতিচিহ্ন নিয়ে গণভবনে প্রতিষ্ঠা করা হয় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর।