‘কথিত স্বামী’ দাবিকে ভিত্তিহীন বললেন চিত্রনায়িকা ববি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২৬, ০৩:৩৩ পিএম

‘কথিত স্বামী’ দাবিকে ভিত্তিহীন বললেন চিত্রনায়িকা ববি

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

ব্যবসায়ী মির্জা আবুল বাশার গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নিজের নাম জড়িয়ে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তিনি দাবি করেছেন, আবুল বাশারের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে—এমন প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ববি বলেন, কয়েকটি সংবাদমাধ্যম তাকে ‘কথিত স্ত্রী’ কিংবা ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই।

নায়িকার ভাষ্য, কিছু স্বার্থান্বেষী মহল তাকে হেয় প্রতিপন্ন করতে এবং অনলাইনে প্রচার বাড়ানোর উদ্দেশ্যে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে দেশের গণমাধ্যমের প্রতি তার আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ববি জানান, বিয়ে একটি ব্যক্তিগত ও সম্মানজনক সম্পর্ক। জীবনের এমন কোনো সিদ্ধান্ত নিলে তিনি নিজেই তা সবার সামনে তুলে ধরবেন। তাই তার ব্যক্তিগত জীবন নিয়ে অনুমাননির্ভর সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান এই অভিনেত্রী।

একই সঙ্গে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশকারী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

 

এদিকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা আবুল বাশারকে নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। পুলিশ জানিয়েছে, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির পশু কেনার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইনের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তিনি বাথরুমের ফলস সিলিংয়ে লুকিয়ে ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, সর্বশেষ ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘তছনছ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। ছবিটিতে তার সহশিল্পী ছিলেন মুন্না খান।

Link copied!