জুন ১৩, ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী আসমা ঝিলিকের রহস্যময় মৃত্যু চাঞ্চল্য তৈরি করেছে। রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে তাকে ফেলে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
ঘটনার পর নিহতের স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। ছোট ও বড় পর্দার পরিচিত মুখ আসমা ঝিলিক শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন।
নিহতের ভাই মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, আমার বোনকে ওর স্বামী মেরে ফেলেছে। আমরা ধানমণ্ডি থানায় বোন হত্যার বিচার চেয়ে মামলা করেছি।
তিনি অভিযোগ করেন, চিকিৎসার জন্য ঝিলিক ও তার স্বামী হাসপাতালে গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে তার স্বামী তাকে অষ্টম তলা থেকে ফেলে দেন।
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল গণমাধ্যমকে বলেন, আমরা প্রাথমিকভাবে হত্যার কোনো প্রমাণ পাইনি। ময়নাতদন্ত হয়েছে। মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, কয়েক বছর আগে পর্যন্ত আসমা ঝিলিক নিয়মিত অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও পরে শোবিজ অঙ্গন থেকে সরে যান। পারিবারিক জীবনে মনোযোগ দেওয়ার জন্যই তিনি অভিনয় ছেড়েছিলেন বলে জানা গেছে।