ছবি: সংগৃহীত
খুলনা নগরীর দৌলতপুর এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদের ভেতরে ঢুকে দুজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি তেলের পাম্প নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। আহত দুজন হলেন লোকমান ও আলম। এদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত আলম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ফজরের নামাজ শেষে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লোকমান হাকিম এবং আলম মন্ডল মসজিদে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে, এতে তারা দুজন গুরুতর আহত হন।
তিনি আরও জানান, স্থানীয় মুসল্লিরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। লোকমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে পরে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জহিদুল হাসান বলেন, একটি তেলের পাম্প নিয়ে বিরোধকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। পুলিশ দোষীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।