ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০৩:৫৬ পিএম

ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক

ছবি: সংগৃহীত

তারল্য সংকট মোকাবিলায় বেসরকারি খাতের ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ (সোমবার) ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবারও ২,৫০০ কোটি টাকা  বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১০ হাজার কোটি টাকা চাওয়ার বিপরীতে প্রাথমিকভাবে এ অর্থ দেওয়া হয়েছে। মূলত চলতি মাসের প্রথম ১০ দিনে আমানতকারীদের নগদ অর্থ উত্তোলনের চাপ সামাল দিতেই এই বিশেষ ধার দেওয়া হয়।

এর আগে শুক্রবার ইসলামী ব্যাংকের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে গভর্নর প্রয়োজন হলে নগদ সহায়তার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে পরবর্তী সময়ে আরও সহায়তার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংক থেকে ১ থেকে ৯ জুন পর্যন্ত ৯ দিনে প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করেছেন গ্রাহকরা। পাশাপাশি ব্যাংকের আমানতের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ থাকায় তারল্য চাপে পড়ে প্রতিষ্ঠানটি।

ব্যাংকের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা। এরপর পরবর্তী দুই দিনে আরও প্রায় ২ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়। এতে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থ সংকট তৈরি হয়।

এ পরিস্থিতির মধ্যেই বিকেলে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

পরে রাতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল করে বোর্ডের সার্বিক দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে নিযুক্ত করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই আইনের ৪৭(৩) ধারায় বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

Link copied!