রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০৪:৪৯ পিএম

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী

ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনা হচ্ছে।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ঢাকার পার্শ্ববর্তী এবং দক্ষিণাঞ্চলের এসব ১০টি জেলা নতুনভাবে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হচ্ছে বলে জানান তিনি।

রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়, নতুনভাবে রেল যোগাযোগের আওতায় আসা জেলাগুলো হলো শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং সভাপতিত্বে আজ রেল মন্ত্রণালয়ের সর্বশেষ কার্যক্রম এবং সামগ্রিক কানেক্টিভিটি, সামগ্রিক সেবা কী পর্যায়ে আছে এবং উত্তরণের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কী কার্যক্রম চলমান এবং আগামীতে কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে- সে বিষয়ে একটা মিটিং ছিল। প্রধানমন্ত্রী সেটা জেনেছেন, দেখেছেন, বুঝেছেন এবং তার মতামতও যুক্ত করেছেন। সেই সামগ্রিক যোগাযোগ কানেক্টিভিটি এবং সেবার মান নিয়ে পর্যালোচনাপূর্বক বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে আমরা বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছি। যেমন- আখাউড়া-সিলেট, সিরাজগঞ্জ-বগুড়া সেটা তো আছেই, অ্যাট দ্য সেম টাইম আমাদের ধীরাশ্রমে একটা আইসিডি কনটেইনারের প্রকল্প এরই মধ্যে পাস হয়েছে এবং ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার যে রাস্তা সেটা কিছু মিটারগেজ কিছু হচ্ছে আপনার ব্রডগেজ।’

Link copied!