নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০২:১০ পিএম

নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

নেইমার জুনিয়র | ছবি: সংগৃহীত

ব্রাজিল ভক্তদের জন্য আবারও দুঃসংবাদ। চোট কাটিয়ে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে ফেরা হচ্ছে না তারকা ফরোয়ার্ড নেইমারের। সবশেষ তথ্য অনুযায়ী, নকআউট পর্বের আগে ব্রাজিলের হয়ে তার মাঠে নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনো পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি। ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন-এর সূত্র অনুযায়ী, এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষাটি আবারও করা হচ্ছে নেইমারের। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফ (পায়ের পেছনের পেশি) ইনজুরিতে পড়েছিলেন তিনি।

গ্রেড-টু পর্যায়ের এই চোট নিয়েই তিনি বিশ্বকাপের স্কোয়াডে ডাক পান। তবে এরপর থেকে এখন পর্যন্ত দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি। সোমবার নিউ ইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টারে তাকে পুনর্বাসন প্রক্রিয়াতেই দেখা গেছে।

এদিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো নতুন মেডিকেল পরীক্ষার রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি, মেডিকেল স্টাফরা নেইমারকে নকআউট পর্বের আগে তাঁকে পুরোপুরি ফিট করে তোলার আশা করছে।

ফলে গ্রুপ ‘সি’-তে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে পরবর্তী দুই ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল।

আগামী শনিবার ভোর সাড়ে ছয়টায় হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর ২৫ জুন ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও নেইমারকে অফিশিয়াল কিটে দেখা যায়নি।

নেইমারের অবস্থা নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা, সে দ্রুতই সুস্থ হয়ে আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবে।

তিনি আরও বলেন, ‘আমরা যখন ওকে দলে নিয়েছিলাম, তখন তার অবিশ্বাস্য টেকনিক্যাল সামর্থ্যের কথা মাথায় রেখেই নিয়েছিলাম। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Link copied!