জুন ২০, ২০২৬, ০৩:২১ পিএম
ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার সকালে বিজিবির মহানন্দা ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত এলাকায় ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে বিজিবির চৌকা সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিকভাবে অবস্থান নেন এবং অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন।
বিজিবির তথ্য অনুযায়ী, পুশইনের চেষ্টায় থাকা ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, ১১ জন নারী এবং চারজন শিশু রয়েছে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় অংশে অবস্থান করছেন।
সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। বাহিনীটি বলছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
সম্প্রতি সীমান্ত এলাকায় পুশইন ইস্যু নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চললেও বিভিন্ন সীমান্তে এমন ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছে।
চৌকা সীমান্তের সর্বশেষ ঘটনাতেও অনুপ্রবেশের চেষ্টা রোধে বিজিবির সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেছে।