ছবি: সংগৃহীত
ইসলামী ব্যাংকের ২০১৭ সালের আগের শেয়ারহোল্ডারদের মালিকানা পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত সচেতন গ্রাহক ফোরাম। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগামী রোববার ইসলামী ব্যাংক টাওয়ার এবং সোমবার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের আহ্বায়ক অধ্যাপক নুর উন নবী বলেন, ব্যাংকটির মালিকানা কাঠামোতে পরিবর্তনের ফলে প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতির অবসান ঘটিয়ে পূর্বের মালিকানা কাঠামো পুনর্বহালের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা অভিযোগ করেন, ২০১৭ সালের পর থেকে ব্যাংকটির পরিচালনা ও মালিকানায় পরিবর্তনের পাশাপাশি বিতর্কিত ঋণ অনুমোদন, অর্থ পাচার এবং সুশাসনের ঘাটতির কারণে প্রতিষ্ঠানটি নানা সংকটে পড়েছে।
তারা বলেন, ব্যাংকটিকে স্থিতিশীল ও আস্থাশীল প্রতিষ্ঠানে পরিণত করতে অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত মালিকদের শেয়ার ও মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।