রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপ চায় বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২০, ২০২৬, ০২:১৬ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপ চায় বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারে তাদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান আবারও জোরালোভাবে তুলে ধরেছে বাংলাদেশ। জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে ঢাকা বলেছে, বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশেই ফিরতে চায় এবং দীর্ঘদিন ধরে চলা এই সংকট বাংলাদেশের জন্য বহুমাত্রিক চাপ তৈরি করছে।

মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, প্রায় এক দশক ধরে মানবিক বিবেচনায় বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে দীর্ঘমেয়াদি এই পরিস্থিতি দেশের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। স্থানীয় জনগোষ্ঠী ও জাতীয় সম্পদের ওপরও এর চাপ ক্রমেই বাড়ছে।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে হওয়ায় এর কার্যকর ও টেকসই সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে। নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ এবং স্থায়ী প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়, আঞ্চলিক শক্তি এবং সংশ্লিষ্ট অংশীজনদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার পেছনে দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং সংকটের মূল কারণ দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গারা নিজেরাও তাদের জন্মভূমিতে ফিরতে আগ্রহী। তাই প্রত্যাবাসনই এই দীর্ঘস্থায়ী মানবিক সংকটের একমাত্র কার্যকর সমাধান।

তিনি রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি বাস্তুচ্যুত মানুষের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

Link copied!