ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক

জুন ১৪, ২০২৬, ০৬:২২ এএম

ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে ব্রাজিল। শুরুতে পিছিয়ে পড়লেও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফিরে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। প্রথম ১০ মিনিটে হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণভাগকে চাপে রাখে আফ্রিকার দলটি।

তবে কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় ব্রাজিল। এক পর্যায়ে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে দারুণ একটি সুযোগও তৈরি করে সেলেসাওরা। সতীর্থের পাস থেকে ভালো অবস্থানে বল পেয়েও ইগর থিয়াগো গোল করতে ব্যর্থ হন।

ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। থ্রু পাস ধরে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্ত করে তার মাথার ওপর দিয়ে চিপ শটে বল জালে পাঠান মরক্কোর ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

পিছিয়ে পড়ার পর আক্রমণের তীব্রতা বাড়ায় ব্রাজিল। এর ফলও পেয়ে যায় ৩২তম মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে গোল করে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ব্রাজিল কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। অন্যদিকে মরক্কোও আর কোনো গোল আদায় করতে ব্যর্থ হয়।

ফলে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। ড্রয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ব্রাজিল, আর গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।

Link copied!