ছবি: এএফপি
হেক্সা মিশনের প্রথম ম্যাচে আজ ভোর রাতে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। চোটের কারণে তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়রকে পাচ্ছে না সেলেসাওরা। ফলে তার বদলি কে হবে—তা নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
আগেই প্রায় নিশ্চিত ছিল যে এই ম্যাচে নেইমারকে পাওয়া যাবে না। গতকাল (১২ জুন) সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান কোচ কার্লো আনচেলত্তি। তবে নেইমারের জায়গায় কে খেলবেন, তা তিনি এখনো প্রকাশ করেননি।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অনুশীলনে ভালো পারফরম্যান্স দেখিয়ে প্রথম একাদশে জায়গা প্রায় নিশ্চিত করেছেন লুকাস পাকেতা। তবে তাকে সরাসরি নেইমারের বিকল্প হিসেবে নয়, বরং কাসেমিরো ও ব্রুনো গিমারেসের সঙ্গে মিডফিল্ডের অগ্রভাগে দেখা যেতে পারে। ফলে ব্রাজিল ৪-২-৩-১ বা ৪-২-২-২ ফর্মেশনে খেলতে পারে।
আক্রমণভাগে বাঁ প্রান্তে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, ডান প্রান্তে রাফিনিয়া এবং মূল স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে মাথেউস কুনিয়াকে। রক্ষণে ওয়েসলির ইনজুরির কারণে দানিলো সুযোগ পাচ্ছেন। বাঁ পাশে থাকতে পারেন অ্যালেক্স সান্দ্রো, আর সেন্ট্রাল ডিফেন্সে জুটি বাঁধবেন মার্কিনিওস ও গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
আলিসন; অ্যালেক্স সান্দ্রো, গ্যাব্রিয়েল, মার্কিনিয়স, দানিলো; কাসেমিরো, ব্রুনো গিমারেস, পাকেতা; ভিনিসিয়ুস, রাফিনিয়া, কুনিয়া।