ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া বার্ড ফ্লুর এইচ৫ ধরনের ভাইরাস এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়াতেও শনাক্ত হয়েছে। এর মাধ্যমে ভাইরাসটি বিশ্বের সব মহাদেশে পৌঁছে গেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
শনিবার এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী জুলি কলিন্স জানান, পশ্চিম অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত এলাকায় অভিবাসী সামুদ্রিক পাখি ব্রাউন স্কুয়ার মধ্যে এইচ৫ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। জাতীয় বিজ্ঞান সংস্থার পরীক্ষায় সংক্রমণের বিষয়টি শনাক্ত করা হয়।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, অসুস্থ একটি জায়ান্ট পেট্রেলের নমুনাতেও সম্ভাব্য সংক্রমণের ইঙ্গিত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এতদিন অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে এইচ৫ ধরনের বার্ড ফ্লুর উপস্থিতি পাওয়া যায়নি। ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে বন্য পাখি ও পোল্ট্রি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী এই ভাইরাসের বিস্তার বিবেচনায় ঘটনাটি পুরোপুরি অপ্রত্যাশিত নয়, তবে এটি উদ্বেগের বিষয়। তবে এখন পর্যন্ত দেশে পোল্ট্রি খামারে সংক্রমণ বা ব্যাপক হারে পাখি মৃত্যুর কোনো ঘটনা পাওয়া যায়নি।
এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভাইরাসটির বিস্তার রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, অভিবাসী পাখির মাধ্যমে ভাইরাসটি অস্ট্রেলিয়ায় প্রবেশ করে থাকতে পারে। ফলে বন্যপ্রাণী ও পোল্ট্রি খাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।