ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে নীরবতা ভাঙলেন খামেনি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২৬, ০১:২৮ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে নীরবতা ভাঙলেন খামেনি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি দাবি করেছেন, ওয়াশিংটন কৌশলগত দুর্বলতা ও হতাশা থেকেই তেহরানের সঙ্গে চুক্তিতে যেতে বাধ্য হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের অধিকার ও স্বার্থ রক্ষার আশ্বাস দেওয়ায় তিনি এই সমঝোতায় সম্মতি দিয়েছেন। তবে পুরো বিষয়টি নিয়ে তার নিজস্ব কিছু ভিন্ন মত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

মোজতবা খামেনির ভাষ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ধরনের চাপ ও কৌশল প্রয়োগ করে চুক্তিটি বাস্তবায়নের চেষ্টা করেছেন, যা মূলত ওয়াশিংটনের হতাশারই বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হলেও সেটিকে কোনোভাবেই প্রতিপক্ষের অবস্থান মেনে নেওয়া হিসেবে দেখা উচিত নয়।

ইরানের নেতৃত্বে আসার পর এই প্রথম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে প্রকাশ্যে অবস্থান জানালেন মোজতবা খামেনি। গত ফেব্রুয়ারিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে সংঘাতের সময় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মার্চে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

অন্যদিকে খামেনির বক্তব্যের সরাসরি জবাব না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ হওয়ার আশা প্রকাশ করেন। তিনি ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর মধ্যকার সংঘর্ষসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রত্যাশার কথা জানান।

Link copied!