লাইসেন্স বাতিল

আদ্‌-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৬:৫৭ পিএম

আদ্‌-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা

ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর লাইসেন্স বাতিল হওয়া আদ্-দ্বীন হাসপাতাল ছাড়ছেন চিকিৎসাধীন রোগীরা।

আজ (শুক্রবার) দুপুর আড়াইটা পর্যন্ত ১৭৬ জন রোগী হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল।।

তিনি বলেন,বৃহস্পতিবার বিকালে যখন লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়, তখন ৪২৬ জন রোগী ভর্তি ছিলেন। বর্তমানে প্রায় ২৫০ জনের মতো রোগী ভর্তি আছেন। বাকিরা বিভিন্ন সময় চলে গেছে।

তারিকুল ইসলাম আরও বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আগামী রোববারের মধ্যে আমরা আপিল সম্পন্ন করব।

রোগীদের সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা চাইলেও এত দ্রুত রোগীদের সরিয়ে দিতে পারি না। তাই যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে অনেক রোগী ইতোমধ্যে চলে গেছেন। আপিলের পর চূড়ান্ত সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে।

উল্লেখ্য, গত ২৭ মে সকালে রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা বলা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা, এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াই শিশুগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ।

তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়।

Link copied!