ছবি: সংগৃহীত
ছোটপর্দা, বিজ্ঞাপন ও ওটিটি প্ল্যাটফর্মে সাফল্যের পর এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নির্মাতা আদনান আল রাজীবের। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (১২ জুন, ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের প্রথম সিনেমা নির্মাণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান এই নির্মাতা।
সম্প্রতি তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পাওয়ার পর গত পরশু লন্ডনের মর্যাদাপূর্ণ ‘এসএক্সএসডব্লিউ’ (SXSW) উৎসবে সেরা শর্ট ফিল্মের পুরস্কার জিতেছে ছবিটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে নামছেন তিনি।
তবে প্রথম সিনেমা হিসেবে অ্যাকশন, থ্রিলার বা অন্য কোনো ঘরানার গল্প নয়, বরং একটি খাঁটি প্রেমের গল্প বেছে নিয়েছেন আদনান আল রাজীব।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ক্যারিয়ারের শুরুর দিনের স্মৃতিচারণ করে তিনি লেখেন, “অ্যাডভার্টাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম ‘কাছে আসার গল্প’। সেই সময়ের হিসেবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাবো।”
নিজের দীর্ঘ যাত্রা এবং গল্প খোঁজার অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, “স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি। অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে। কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সবসময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার।”
সিনেমার গল্প তৈরির দীর্ঘ প্রক্রিয়া সম্পর্কে আদনান লেখেন, ‘গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি। কেটেছি। আবার লিখেছি। কখনো মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি।’
অবশেষে কাঙ্ক্ষিত গল্পটি খুঁজে পাওয়ার কথা জানিয়ে পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।’
তবে সিনেমাটির নাম, অভিনয়শিল্পী কিংবা শুটিং শুরুর সম্ভাব্য সময়সূচি সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করেননি নির্মাতা।
বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘রানআউট ফিল্মস’-এর প্রতিষ্ঠাতা এবং ওটিটি জগতের সফল এই নির্মাতার বড় পর্দায় যাত্রার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিনোদন অঙ্গনের সহকর্মী, চলচ্চিত্র সমালোচক ও ভক্ত-অনুরাগীরা।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ডিজিটাল প্ল্যাটফর্মে সাফল্যের পর এবার প্রেক্ষাগৃহে আদনান আল রাজীবের প্রথম সিনেমা কতটা দর্শকপ্রিয়তা পায়, সেদিকেই এখন নজর চলচ্চিত্রপ্রেমীদের।