আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উইলিয়ামসন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৪:৪০ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উইলিয়ামসন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। তার এই ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ১৬ বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ার।

নিউজিল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৩৭৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। দেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট সংগ্রহ ১৯ হাজার ৩৪৬ রান। ক্যারিয়ারে করেছেন ৪৮টি সেঞ্চুরি ও ৬টি ডাবল সেঞ্চুরি।

ব্যাট হাতে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি নেতৃত্বেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন উইলিয়ামসন। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিন সংস্করণেই নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে কিউইরা দুটি আইসিসি বিশ্বকাপের ফাইনালে খেলেছে এবং ২০২১ সালে জিতেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা।

এর আগে গত নভেম্বরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন উইলিয়ামসন। এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

অবসরের সিদ্ধান্ত নিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমি অবসর নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম। গত কয়েক দিনে এটা পরিষ্কার হয়েছে যে এটাই সঠিক সময়। আমি সবসময় আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তীব্র তাগিদ ও ক্ষুধা অনুভব করেছি। নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়েছি ভেবে গর্ববোধ করি। এর চেয়ে কিছুটা কম ক্ষুধা নিয়ে খেলা ঠিক হতো না। নিজের মতো করে বিদায় নিতে পেরেছি বলে ভাগ্যবান মনে করছি।’

Link copied!