ছবি : সংগৃহীত
কুমিল্লা জেলায় চলতি বছরের মে মাসে এইচআইভি সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৬ সালে জেলায় এই রোগে মোট সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট চিকিৎসা কেন্দ্র।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এইচআইভি ও এইডস সেবা কেন্দ্রের কাউন্সিলর কাম প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফ হাসান জানান, সর্বশেষ ২৫ মে ২১ বছর বয়সী এক বিবাহিত যুবক, ১৩ মে ৪৯ বছর বয়সী একজন এবং ৮ মে ৩৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়। তারা সবাই কুমিল্লা জেলার বাসিন্দা ছিলেন।
তিনি আরও জানান, জানুয়ারিতে দুইজন, মার্চে একজন, এপ্রিলে একজন এবং মে মাসে তিনজনসহ চলতি বছরে মোট সাতজন এইচআইভি আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে কুমিল্লা জেলায় ৩৮৫ জন এইচআইভি আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছরে ৬৭২ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জন নতুন করে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন টিউবারকুলোসিস বা যক্ষ্মা রোগেও আক্রান্ত।
চিকিৎসা কেন্দ্রের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে যৌনকর্মী, সমকামী সম্পর্কের সঙ্গে যুক্ত ব্যক্তি, বিবাহিত সম্পর্ক থেকে সংক্রমিত রোগী এবং বিদেশে অবস্থানকালে সংক্রমিত ব্যক্তিও রয়েছেন।
২০১৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৬ হাজার ৬৪৬টি পরীক্ষায় ২৭৮ জন এইচআইভি আক্রান্ত হিসেবে শনাক্ত হন। একই সময়ে ৪৬ জন রোগীর মৃত্যু হয়েছে এবং ১৩ জন চিকিৎসা বন্ধ করে দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।