দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ (বুধবার) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭০৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৯৫ জন। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৩ জন হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ৯০৪।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৮ জন। তাদের মধ্যে ৯৯ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।