দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গজনিত রোগে আক্রান্ত হয়েছে এক হাজার ১৩ শিশু।
আজ (শুক্রবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৬৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৭৮০ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭৩ জন। সব মিলিয়ে এক দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৮ হাজার ৬০০ হাম রোগী। এর মধ্যে ৯৫ হাজার ৩১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।