জুলাই ১৭, ২০২৬, ০৪:২৮ পিএম
ছবি: রয়টার্স
কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সিসহ উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকার বায়ুমানের অবনতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবারের সম্ভাব্য ভারী বৃষ্টি এবং সপ্তাহান্তে শীতল বায়ুপ্রবাহের কারণে ধোঁয়া অনেকটাই সরে যেতে পারে। এতে রোববার অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ ফাইনালের আগে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল দেখতে ৮০ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকার কথা রয়েছে। একই সময়ে ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে বড় পর্দায় খেলা উপভোগ করতে আরও প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হতে পারেন।
কানাডার দাবানলের ধোঁয়ার প্রভাবে চলতি সপ্তাহ থেকেই নিউইয়র্কে বায়ুদূষণ বাড়তে শুরু করে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে অবস্থান করা এবং কষ্টসাধ্য শারীরিক কর্মকাণ্ড এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার নিউজার্সির বায়ুমান ‘সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছায়।
অ্যাকুওয়েদারের আবহাওয়াবিদ অ্যালেক্স দা সিলভা রয়টার্সকে বলেন, শনিবারের ভারী বৃষ্টির কারণে ধোঁয়ার বড় অংশ দূর হয়ে যাবে। এরপর রোববার সকালে শীতল বায়ুপ্রবাহ প্রবেশ করলে অবশিষ্ট ধোঁয়াও সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, দাবানলের ধোঁয়ার কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর বায়ু পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ধোঁয়া ও তাপপ্রবাহের সম্মিলিত প্রভাব খেলোয়াড়দের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য ও ফুসফুস বিশেষজ্ঞ ডা. ভিন গুপ্তা বলেন, খারাপ বায়ুমান ও অতিরিক্ত গরম হৃদ্যন্ত্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাই খেলোয়াড়দের পর্যাপ্ত পানি পান, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং প্রয়োজনে অতিরিক্ত বিরতির ব্যবস্থা রাখা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, যাদের শ্বাসকষ্ট রয়েছে বা রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তাদের স্টেডিয়ামে গেলে মাস্ক ব্যবহার করা উচিত। বায়ুমান খারাপ থাকলে সম্ভব হলে বাড়িতে বসেই খেলা দেখা নিরাপদ।
তবে আবহাওয়াবিদদের আশা, ম্যাচ শুরুর সময়ের মধ্যে ধোঁয়ার ঘনত্ব উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং দর্শকদের জন্য স্বাস্থ্যঝুঁকিও তুলনামূলকভাবে কম থাকবে।
সূত্র: রয়টার্স