আর্জেন্টিনা ম্যাচের আগে বড় ধাক্কা সুইজারল্যান্ডের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০২:৫১ পিএম

আর্জেন্টিনা ম্যাচের আগে বড় ধাক্কা সুইজারল্যান্ডের

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেয়েছে সুইজারল্যান্ড। হাঁটুর চোট কাটিয়ে উঠতে না পারায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম সেরা পারফরমার ইয়োহান মানজাম্বি।

সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন বিষয়টি নিশ্চিত করেছেন। একই চোটের কারণে শেষ ষোলোতে কলম্বিয়ার বিপক্ষেও মাঠে নামতে পারেননি ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড।

চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের আক্রমণভাগে সবচেয়ে কার্যকর খেলোয়াড়দের একজন ছিলেন মানজাম্বি। এখন পর্যন্ত ২০০ মিনিট মাঠে থেকে তিনটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেছেন তিনি।

পরিসংখ্যানেও তার গুরুত্ব স্পষ্ট। মানজাম্বি মাঠে থাকাকালে সুইজারল্যান্ড প্রতি ৯০ মিনিটে গড়ে ৩ দশমিক ৬ গোল করেছে। বিপরীতে তাকে ছাড়া ২৮০ মিনিটে দলটি মাত্র একবার জালের দেখা পেয়েছে।

তাই আর্জেন্টিনার বিপক্ষে তার অনুপস্থিতিকে বড় ধাক্কা হিসেবে দেখছেন সুইস কোচ।

মুরাত ইয়াকিন বলেন, “ইয়োহানকে না পাওয়া আমাদের জন্য বিশাল ক্ষতি। সে দুর্দান্ত ছন্দে ছিল এবং মাঠের খেলাটা উপভোগ করছিল। সতীর্থরাও তার পারফরম্যান্সে ভালোভাবে সাড়া দিচ্ছিল। দুর্ভাগ্যজনকভাবে আর্জেন্টিনার বিপক্ষে সে খেলতে পারবে না।”

তবে দলগতভাবে এই ঘাটতি পূরণের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ইয়াকিন।

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। আগের দুইবারই শেষ আট থেকে বিদায় নিয়েছিল তারা। এবার প্রথমবার সেমিফাইনালে ওঠার পথে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

দুই দলের সাতবারের মুখোমুখিতে এখনো আর্জেন্টিনাকে হারাতে পারেনি সুইজারল্যান্ড। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল দল দুটি। অতিরিক্ত সময়ে আনহেল দি মারিয়ার গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

সেই ম্যাচে খেলা গ্রানিত জাকা ও রিকার্দো রদ্রিগেস এবারও সুইজারল্যান্ড দলে আছেন।

জাকা বলেন, “১২ বছর পর আমরা আবার এই মঞ্চে। তবে এটি সম্পূর্ণ ভিন্ন একটি সুইজারল্যান্ড। আমাদের মানসিকতা ও প্রজন্ম বদলেছে। সুইস ফুটবলও অনেক এগিয়েছে।”

Link copied!