ফিফা বিশ্বকাপ ২০২৬

নরওয়ের বিপক্ষে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ

স্পোর্টস ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৬:০৬ পিএম

নরওয়ের বিপক্ষে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ

ছবি: রয়টার্স

চলতি বিশ্বকাপে রোববার দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোট ও একাদশ নির্বাচন নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

রাউন্ড অব থার্টি টু-তে জাপানের বিপক্ষে জয় পেলেও ওই ম্যাচে চোট পান মিডফিল্ডার লুকাস পাকেতা। এমনিতেই সাম্প্রতিক সময়ে মিডফিল্ড নিয়ে ভুগছে ব্রাজিল। ফলে পাকেতার ছিটকে যাওয়া আনচেলত্তির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

পাকেতার পরিবর্তে কে খেলবেন, সে বিষয়ে আনচেলত্তি সরাসরি কিছু না বললেও ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো ইস্পোর্তে জানিয়েছে, গাব্রিয়েল মার্তিনেল্লিকেই শুরুর একাদশে দেখা যেতে পারে। অনুশীলনের শেষ দুই দিনও মূল একাদশের সঙ্গে প্রস্তুতি নিয়েছেন এই ফরোয়ার্ড।

এর আগে গুঞ্জন উঠেছিল, পাকেতার জায়গায় দানিলো সান্তোসকে খেলানো হতে পারে। তবে গ্লোবো ইস্পোর্তের দাবি, দানিলো নয়, আনচেলত্তির পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন মার্তিনেল্লি।

জাপানের বিপক্ষে আগের ম্যাচে নেইমারকে খেলাননি আনচেলত্তি। এতে নতুন করে তার চোট নিয়ে প্রশ্ন উঠলেও ব্রাজিল কোচ জানিয়েছেন, পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট রয়েছেন নেইমার। তবে তাকে ঠিক কতক্ষণ খেলানো হবে, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি তিনি।

ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে নেইমারের থাকার সম্ভাবনা খুবই কম। তবে দ্বিতীয়ার্ধে কিংবা ম্যাচের শেষ দিকে তাকে বদলি হিসেবে নামানো হতে পারে।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

আলিসন; দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, গাব্রিয়েল মার্তিনেল্লি; রায়ান, কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

Link copied!