জুলাই ১১, ২০২৬, ০২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর এবার সাইবার হামলার শিকার হয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির অফিসিয়াল ই-মেইল ব্যবহার করে সাংবাদিকদের কাছে রেফারিংবিরোধী একাধিক ভুয়া বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। তবে ম্যাচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছিল। এর মধ্যেই এএফএর অফিসিয়াল ই-মেইল থেকে সাংবাদিকদের কাছে এমন কিছু বার্তা যায়, যেখানে দাবি করা হয়, ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতমূলক সিদ্ধান্ত দিয়েছেন।
ওই বার্তায় রেফারি এবং তাঁর সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়। বিষয়টি সামনে আসার পর এএফএ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, এসব বার্তা তাদের পক্ষ থেকে পাঠানো হয়নি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এএফএর ই-মেইলে অননুমোদিতভাবে প্রবেশ করে এসব বার্তা পাঠিয়ে থাকতে পারে। হ্যাকারদের পাঠানো ই-মেইলে মিসরের পারফরম্যান্সের প্রশংসাও করা হয়েছিল।
এএফএ বিবৃতিতে জানায়, তাদের অফিসিয়াল ই-মেইল অ্যাকাউন্ট থেকে এমন কিছু বার্তা পাঠানো হয়েছে, যেগুলো সংস্থার কোনো কর্মকর্তা পাঠাননি বা অনুমোদন দেননি।
সংস্থাটি আরও জানায়, কিছু বার্তায় সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে। তাই এএফএর নামে পাঠানো কোনো অস্বাভাবিক ই-মেইল, লিংক, সংযুক্ত নথি বা ব্যক্তিগত তথ্য চাওয়ার অনুরোধ উপেক্ষা করতে সবাইকে সতর্ক করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, তাদের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটে থাকতে পারে। কীভাবে নিরাপত্তা ভাঙা হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মিসর ম্যাচের রেফারিং নিয়ে এর আগেই বিতর্ক শুরু হয়েছিল। ম্যাচের পর মিসর ফুটবল অ্যাসোসিয়েশনও কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে। সেই বিতর্কের মধ্যেই এএফএর ই-মেইল থেকে ভুয়া বার্তা পাঠানোর ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।