ফিফা বিশ্বকাপ ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০৫:০৫ পিএম

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ছবি: এএফপি

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আকাশি-নীলদের একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের ম্যাচের মূল কাঠামোই ধরে রাখতে চান প্রধান কোচ লিওনেল স্কালোনি।

শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ। তাদের মতে, পুরো ম্যাচে আর্জেন্টিনাই আধিপত্য বিস্তার করেছিল। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থতা এবং রক্ষণভাগের কিছু ভুলের কারণে ম্যাচটি কঠিন হয়ে উঠেছিল।

এ কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে মূল একাদশে বড় পরিবর্তন না আনার পক্ষেই স্কালোনি। তবে দুটি পজিশন নিয়ে এখনো ভাবনা রয়েছে। ডান প্রান্তের ডিফেন্ডার হিসেবে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল খেলবেন, তা এখনো নিশ্চিত হয়নি। পাশাপাশি আক্রমণভাগে হুলিয়ান আলভারেসের জায়গায় লাওতারো মার্তিনেজ সুযোগ পাবেন কি না, সেটিও আলোচনায় রয়েছে।

শেষ ষোলোর ম্যাচে মোলিনা ও আলভারেস নিজেদের সেরাটা দিতে পারেননি। অন্যদিকে বদলি হিসেবে মাঠে নেমে নজর কেড়েছেন মন্টিয়েল ও লাওতারো। বিশেষ করে লাওতারো দ্বিতীয় গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তৃতীয় গোলেও দুর্দান্ত অ্যাসিস্ট করেন। ফলে শেষ মুহূর্তে একাদশে পরিবর্তনের চিন্তা করতে পারেন স্কালোনি।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আরও দুই অনুশীলনে বিভিন্ন সমন্বয় পরীক্ষা করবেন আর্জেন্টিনার কোচ। এরপরই চূড়ান্ত একাদশ ঘোষণা করা হবে। তবে সবকিছু ঠিক থাকলে এক বা দুটি পরিবর্তনের বেশি হওয়ার সম্ভাবনা নেই।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা/গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস/লাওতারো মার্তিনেজ।

Link copied!