জুলাই ১১, ২০২৬, ০৩:১৭ পিএম
বাগেরহাটে চাকলাদার আবুল কালাম (৬০) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
চাকলাদার আবুল কালাম বাগেরহাট সদর উপজেলা বিএনপির সদস্য এবং পেশায় একজন ঠিকাদার ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গ্রামের বাড়িতে একাই বসবাস করছিলেন। পারিবারিক বিরোধের কারণে তাঁর স্ত্রী ও দুই ছেলে শহরে আলাদা বাসায় থাকতেন বলে জানিয়েছে পরিবার।
নিহতের চাচাতো ভাইয়ের স্ত্রী ইয়াসমিন বেগম জানান, পরিবারের সদস্যরা আলাদা থাকার পর থেকে তিনিই প্রতিদিন কালামের খাবারের ব্যবস্থা করতেন। শুক্রবার রাতেও খাবার দিয়ে যান। শনিবার সকালে খাবার দিতে গিয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় তাঁকে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ঘটনার পর নিহতের বাড়িতে ছুটে যান স্থানীয় বিএনপি নেতারা। বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু বলেন, কালাম দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। ঘটনাস্থলের পরিস্থিতি দেখে তাঁর মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তিনি।
বাগেরহাট সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় কালামের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতেই এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।