আর্জেন্টিনার জন্য চিন্তা হচ্ছিল, ফিফা সভাপতির বক্তব্য ভাইরাল

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০২:৩৬ পিএম

আর্জেন্টিনার জন্য চিন্তা হচ্ছিল, ফিফা সভাপতির বক্তব্য ভাইরাল

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো | ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেরা বত্রিশের রাউন্ডে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ম্যাচ-পরবর্তী এক সাক্ষাৎকারে বক্তব্য দিতে গিয়ে তিনি একটি বাক্য শুরু করলেও মাঝপথে তা সংশোধন করেন, আর সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

শুক্রবার মায়ামিতে কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ের গোলে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় আর্জেন্টিনার সম্প্রচারমাধ্যম ডি-স্পোর্টসকে সাক্ষাৎকার দেন ইনফান্তিনো।

সেখানে ফিফা সভাপতি বলেন, ‘আর্জেন্টিনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর্জেন্টিনার এই কঠিন লড়াই দেখে আমি নিজেও চিন্তিত ছিলাম।’ এরপর তিনি থেমে গিয়ে দ্রুত নিজেকে সামলে নেন। পরে আবার বলেন, ‘না, মানে...আমি আসলে বলতে চাচ্ছিলাম, ফিফা সভাপতি হিসেবে আমি সম্পূর্ণ নিরপেক্ষ। আমি তো দুই দলের চমৎকার ফুটবল উপভোগ করছিলাম।’

ইনফান্তিনোর এই বক্তব্যের অংশ বিশেষ দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক সমর্থকের ধারণা, প্রথমে তিনি আর্জেন্টিনার জন্য উদ্বেগ বা পক্ষপাতের ইঙ্গিত দিতে চেয়েছিলেন, তবে পরে নিজের বক্তব্য সংশোধন করেন।

এরপর থেকেই অনলাইনে শুরু হয় ব্যাপক আলোচনা ও মিমের ঝড়। কোথাও তাঁকে লিওনেল মেসির সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায়, আবার কোথাও আর্জেন্টিনার জার্সি পরা তাঁর সম্পাদিত ছবি ছড়িয়ে পড়ে।

মাঠের লড়াইয়েও ছিল রোমাঞ্চ। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আরও তিনটি গোল হয়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেয় আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ৭ জুলাই রাত ১০টায় আটালান্টা স্টেডিয়ামে মিসরের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

Link copied!