নরওয়ে ম্যাচের আগে নেইমারকে নিয়ে যা বললেন আনচেলত্তি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০২:৪৫ পিএম

নরওয়ে ম্যাচের আগে নেইমারকে নিয়ে যা বললেন আনচেলত্তি

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে এখন পর্যন্ত খুব বেশি খেলার সুযোগ না পাওয়ায় নেইমার সন্তুষ্ট নন বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে তিনি বলেন, অভিজ্ঞ এই ফরোয়ার্ড পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে সামলাচ্ছেন এবং দলের ভেতরে ইতিবাচক প্রভাব রাখছেন।

রোববার মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলো-কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি এসব কথা বলেন।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে বদলি হিসেবে খেলেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৩-০ গোলের জয়ে শেষ ১৪ মিনিট মাঠে ছিলেন তিনি।

আনচেলত্তি বলেন, “নেইমার অবশ্যই আরও বেশি খেলতে চায়। সে পুরোপুরি সন্তুষ্ট নয়, কিন্তু শান্ত আছে। অনুশীলনেও ভালো করছে। সতীর্থরা তাকে অনেক সম্মান করে এবং ভালোবাসে। মাঠের বাইরে একজন মানুষ হিসেবেও সে অসাধারণ। তাকে দলে পেয়ে আমি খুশি।”

ডান পায়ের কাফের চোট নিয়ে বিশ্বকাপে খেলতে আসেন নেইমার। যদিও কোচ জানিয়েছেন, তিনি এখন মাঠে নামার জন্য প্রস্তুত। তবে পুরো ৯০ মিনিট খেলার মতো ফিটনেস আছে কি না, সে বিষয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

আনচেলত্তি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেইমার এখন খেলার জন্য প্রস্তুত। তবে সে কতক্ষণ খেলতে পারবে, সেটা আগে থেকে বলা কঠিন। ম্যাচের প্রয়োজন অনুযায়ী আমি তাকে মাঠে নামাব।”

পরিসংখ্যানও ব্রাজিলের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। নরওয়ের বিপক্ষে চারবারের দেখায় একবারও জয় পায়নি সেলেসাওরা। দুটি ম্যাচ ড্র হয়েছে, বাকি দুটিতে হেরেছে তারা।

এ ছাড়া ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে কোনো ইউরোপীয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল।

তবে নরওয়ের বিপক্ষে ভালো একটি ম্যাচের ব্যাপারে আশাবাদী আনচেলত্তি।

তিনি বলেন, “নরওয়ের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। তারা রক্ষণে খুবই সংগঠিত দল। তবে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি। গোল হজম করলেও কীভাবে ম্যাচে ফিরতে হবে, সেটাও আমাদের পরিকল্পনায় রয়েছে।”

Link copied!