জুলাই ৪, ২০২৬, ০২:৩২ পিএম
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ছবি: সংগৃহীত।
দেশের সব জেলাকে পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
শুক্রবার রাতে নেত্রকোণা রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি মোহনগঞ্জ ও বারহাট্টা রেলস্টেশনও পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের ৬৪টি জেলার মধ্যে ৪৯টিতে রেল সংযোগ রয়েছে। পর্যায়ক্রমে বাকি জেলাগুলোতেও রেলসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, সরকার সারা দেশে যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করছে। যানজট কমাতে বিভিন্ন স্থানে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ, ট্রেনে ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ এবং ঢাকা-চট্টগ্রাম কর্ড লাইনের মাধ্যমে যাতায়াতের সময় কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
হাবিবুর রশিদ বলেন, অতীতে রেললাইন নির্মাণ হলেও প্রয়োজনীয় লোকোমোটিভ ও কোচ সংগ্রহ করা হয়নি। ফলে বিশেষ করে মিটারগেজ রুটে ইঞ্জিন ও বগির সংকট রয়েছে। এ সংকট কাটাতে নতুন লোকোমোটিভ ও কোচ সংগ্রহের পাশাপাশি অকেজো ইঞ্জিন মেরামতের কাজ চলছে।
তিনি জানান, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে রেলের নতুন ইঞ্জিন ও কোচ সংগ্রহে সাধারণত দুই থেকে তিন বছর সময় লাগে।
নেত্রকোণা রেলস্টেশনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, স্টেশনের ওয়েটিং রুম আধুনিকায়ন করা হবে। টয়লেট নির্মাণের দরপত্রও সম্পন্ন হয়েছে। পাশাপাশি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের বিষয়টি বিবেচনায় রয়েছে।
নেত্রকোণায় নতুন রেললাইন নির্মাণের দাবির বিষয়ে তিনি বলেন, প্রকল্পটি এখনো সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়নি। সংশ্লিষ্ট এলাকায় সম্ভাব্যতা যাচাই চলছে। জনস্বার্থ ও যাত্রীসেবার দিক বিবেচনায় প্রকল্পটি কার্যকর হলে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
তিনি আরও বলেন, জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করেই নতুন প্রকল্প গ্রহণ করা হবে। মাঠপর্যায়ের যাচাই-বাছাই ও সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
দিনব্যাপী নেত্রকোণা সফরে প্রতিমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।