ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত এলাকার একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁকে অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা হয়েছে। সেখানে চিকিৎসক ও স্বেচ্ছাসেবকেরা আহত ও অসুস্থ মানুষের পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা এবং উদ্ধার করা প্রাণীদেরও সেবা দিচ্ছেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার লা গুয়াইরা রাজ্য। এ দুর্যোগে ২ হাজার ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে হাসপাতালগুলো দ্রুত রোগীতে পূর্ণ হয়ে যাওয়ায় বিকল্প চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার প্রয়োজন দেখা দেয়।
এ অবস্থায় কারাবালেদা এলাকার একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁকে ফিল্ড হাসপাতাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে উচ্চ রক্তচাপ, ডায়রিয়া, উদ্বেগসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত মানুষের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ত্রাণ কার্যক্রমে যুক্ত ৩৩ বছর বয়সী শল্যচিকিৎসক ও স্বেচ্ছাসেবক কার্লিস ফিগুয়েরা জানান, অস্থায়ী এই চিকিৎসাকেন্দ্রে একটি ফার্মেসি, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণের ব্যবস্থা, মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট এবং পশুচিকিৎসার জন্যও পৃথক স্থান রাখা হয়েছে।
তিনি বলেন, ৩০ জনের বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দিনরাত কাজ করছেন। যে কাউন্টারে একসময় হ্যামবার্গার পরিবেশন করা হতো, এখন সেখানে ত্রাণ হিসেবে পাওয়া আরেপাস ও স্যান্ডউইচ বিতরণ করা হচ্ছে। আর রেস্তোরাঁর আইসক্রিম কর্নারকে উদ্ধার করা প্রাণীদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপ দেওয়া হয়েছে।
এদিকে ক্যাটিয়া লা মারের একটি বাস টার্মিনালে স্থাপিত আরেকটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান থাকায় সাময়িক এসব চিকিৎসাকেন্দ্র দুর্গত মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।